বিপর্যয়ের মাঝে টিকে থাকা: চুয়াডাঙ্গার দলিতদের জলবায়ু চ্যালেঞ্জ এবং জীবন সংগ্রাম
Umme Abiha Saima

চুয়াডাঙ্গা জেলার দলিত সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার হয়ে আসছে। এই দীর্ঘস্থায়ী বৈষম্যের পাশাপাশি এখন জলবায়ু পরিবর্তন তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। ভৌগোলিক অবস্থান ও আর্থসামাজিক দুর্বলতা মিলিয়ে চুয়াডাঙ্গা এমনিতেই এক ঝুঁকিপূর্ণ এলাকা; ফলে জলবায়ুজনিত দুর্যোগগুলো দলিত জনগোষ্ঠীর ওপর আরও কঠিন আঘাত হেনে যাচ্ছে (Parvin et al., 2018)। ২০২৪ সালের গ্রীষ্মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই, জলবায়ুর এই পরিবর্তণ প্রান্তিক মানুষের জন্য আরও জটিল সংকটের ইঙ্গিত দিচ্ছে (Dhaka Tribune, 2024)।
একজন স্থানীয় বললেন—
“আমাদের কেহ গোনায় ধরেনা। যাদের টাকা আছে, চাকরি আছে, সবাই তাদের কথা শোনে।”
মানুষের বেআইনি হস্তক্ষেপ, যেমন বন উজাড়, বাঁধ ও ড্যাম নির্মাণ, মাথাভাঙ্গা নদীকে ক্ষতিগ্রস্ত করেছে। এক সময় এই নদী ছিল কৃষি ও জীবিকার প্রধান উৎস। এখন নদীর জল এতই কমে গেছে যে, একটি শিশু হেঁটে নদী পার হতে পারে। এক প্রবীণ স্মরণ করলেন,
“আমাদের ছোটবেলায় নদী ছিল টইটম্বুর, এখন এক ছোট ছেলেও হেঁটে পেরিয়ে যায়।”
যদিও “মাথাভাঙ্গা বাঁচাও” মত কিছু স্থানীয় উদ্যোগ আছে, সরকারি বা বেসরকারি পর্যায়ে কার্যকর সাড়া এখনও পাওয়া যায়নি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি আর্থিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০১৮ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, আর কোভিড-১৯ মহামারির পর অনেক পরিবার জীবিকা চালাতে গাছ কেটে ফেলেছে। একজন অভিভাবক বললেন, “৫০০ টাকা ইনকাম, খরচ ১০০০ টাকা। ঋণও আছে। গাছ লাগিয়েছিলাম, কিন্তু ছেলে পড়ার জন্য টাকা দরকার, তাই গাছ কাটা ছাড়া উপায় নেই।” গাছ কাটাটা পরিবেশের জন্য খারাপ হলেও তারা বাঁচার তাগিদে বাধ্য হয় (Sovacool et al., 2017)।
চরম গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দিনমজুর পুরুষরা। যারা প্রতিদিনের রোজগারে সংসার চালায়, তারা এক ঘণ্টা কাজ না করলে খাবার জোটে না। এক দিনমজুর বলল,
“আমরা যদি এক ঘণ্টাও কাজ না করি, তখন খাবার না পেয়ে ঋণ করতে হয়।”
দীর্ঘক্ষণ গরমে থাকার ফলে শরীরে দুর্বলতা, মাথাব্যথা, জ্বরের মতো সমস্যা দেখা দেয়, যা বিশ্বজুড়ে শ্রমিক ও গরম নিয়ে হওয়া গবেষণার সঙ্গেই মিলে (Kjellstrom et al., 2016)। নারীরাও টিনের ঘরে রান্না করতে করতে গরমে অসুস্থ হয়ে পড়ে।
তবুও, তারা চান সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখতে। কিন্তু পড়াশোনা শেষে চাকরি না পাওয়ায় হতাশা বাড়ছে। এক বাবা বললেন,
“আমাদের ছেলে আদিবাসী হওয়ায় চাকরি পায় না। বি.এ., এম.এ. পাশ করেও এখন অটো চালায়। পড়ালেখার মানে কী?”
এ কারণে অনেকের পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে (Jahan & Kabir, 2020)।
শিশুরাও গরমে অসুস্থ হয়ে পড়ে। স্কুলের গরমে হাঁসফাঁস করতে করতে মনোযোগ কমে যায়, জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া হয় বারবার। ফলে পড়াশোনা বাধাগ্রস্ত হয়।
এসব কষ্টের মধ্যেও দলিতরা হাল ছাড়ে নি। তারা নিজেদের মতো করে অভিযোজনের পথ খুঁজে নিচ্ছে—কেউ টিনের ছাদ ঠান্ডা রাখতে ‘চোন’ লাগাচ্ছে, কেউ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, কেউ ঘরে বানানো লবণ-চিনি মিশ্রিত পানীয় খেয়ে গরমে রক্ষা পাচ্ছে। বাড়ির উঠোনে ছোটখাটো বাগান করছে, কেউ হস্তশিল্প তৈরি করে সামান্য আয় বাড়াচ্ছে। এসব ছোট উদ্যোগ প্রমাণ করে, স্থানীয় ও মানুষকেন্দ্রিক অভিযোজনই জলবায়ু মোকাবেলায় টেকসই পথ (Archer et al., 2014)।
তথ্যপুঞ্জি
Ahmed, A., & Schmitz, P. M. (2011). Climate change and socioeconomic development in Bangladesh: An analysis of economic and demographic development and climate change on agriculture. Sustainability, 3(1), 45–65. https://doi.org/10.3390/su3010045
Archer, D., Almansi, F., DiGregorio, M., Roberts, D., Sharma, D., & Syam, D. (2014). Moving towards inclusive urban adaptation: Approaches to integrating community-based adaptation to climate change at city and national scale. Climate and Development, 6(4), 345–356. https://doi.org/10.1080/17565529.2014.918868
Jahan, S., & Kabir, R. (2020). Climate change impacts and the education of marginalized communities in South Asia. Environmental Research, 180, 108869. https://doi.org/10.1016/j.envres.2020.108869
Kjellstrom, T., Maître, N., Saget, C., Otto, M., & Karimova, T. (2016). Working on a warmer planet: The impact of heat stress on labor productivity and decent work. International Labour Organization.
Parvin, G. A., Ahsan, R., & Chowdhury, J. U. (2018). Impacts of climate change on marginalized groups: Socioeconomic and gender dimensions. Bangladesh Development Studies, 41(1), 1–22.
Sovacool, B. K., Tan-Mullins, M., Ockwell, D., & Newell, P. (2017). Political economy, poverty, and climate change adaptation in Southeast Asia. World Development, 97, 282–293. https://doi.org/10.1016/j.worlddev.2017.04.019
Chuadanga records year’s highest temperature at 41.3°C. (2023, April). Dhaka Tribune. Retrieved December 23, 2024, from URL: https://www.dhakatribune.com/bangladesh/bangladesh-environment/344367/chuadanga-records-season%E2%80%99s-highest-temperature-at

